খেলা ডেস্ক:
শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি মর্তুজা।
শুরু থেকেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও শিখর ধওয়ান সতর্কতার সঙ্গে খেলতে থাকেন। বিশেষ করে বাঁহাতি পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানকে। তবে তাদের শেষরক্ষা হয়নি।
দলীয় ৩৯ রানে মুস্তাফিজের বলেই সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা। এ নিয়ে টানা তিন ম্যাচে রোহিতকে আউট করলেন ১৯ বছর বয়সী কিশোর। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে রোহিত ২৯ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ২৯ রান করেন।
প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ৭৫/১। শিখর ধাওয়ান ৩৩ এবং বিরাট কোহলি ৮ রানে ক্রিজে আছেন।
ডান-হাতি পেসার তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় এই ম্যাচে দলে নেওয়া হয়েছে স্পিনার আরাফাত সানিকে। অপরদিকে, ভারত পেসার ভুবনেশ্বর কুমার ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েছে। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।
ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে। আজকের ম্যাচে জয় পেলে টাইগাররা জিম্বাবুয়ে ও পাকিস্তানের পর ভারতকে হোয়াইটওয়াশ করবে।
