টানা কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানে নিম্ন এলাকায় বসবাসরত ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা জোন।
আজ শনিবার (৬ জুলাই) বান্দরবান সেনা জোন মাঠে মানবিক সহায়তা তুলে দেন বান্দরবান সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।
সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ২ কেজি করে চিড়া, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি গুড়, ২ লিটার পানি, ৩ প্যাকেট নুডলস, ৫০০ গ্রাম বিস্কুট ও ৫টি করে সেলাইন দেওয়া হয়।
এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশিদ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি বলেন, ২৪ পদাতিক ডিভিশনের অধীনে বান্দরবান সেনা জোন নিয়মিত পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বছরের পর বছর শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মানবিক সহায়তা কার্যক্রম। অতি বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগকালীন যেকোনও মুহূর্তে সেনা জোন ক্ষতিগ্রস্ত জনসাধারনের পাশে থাকবে।
জোন কমান্ডার আরও বলেন, বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বান্দরবান সেনা জোন এই ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করবে।
