parbattanews

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গোলা এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। এর ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Exit mobile version