কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে চালিয়ে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে। শনিবার (১৮ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এই মাদক উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট টেকনাফ জানতে পারে যে একটি মাদক কারবারি চক্র শাপলা চত্বর এলাকা দিয়ে বড় ধরনের মাদকের চালান পাচারের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি আভিযানিক দল লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে।
অভিযান চলাকালীন চট্টগ্রাম মেট্রো-গ ১১-৭৮১৬ নম্বরের একটি সাদা রঙের এক্স করোলা প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। এরপর তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনার পরপরই ইয়াবাসহ গাড়িটি জব্দ করে নৌবাহিনী।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদক এবং জব্দ করা প্রাইভেট কারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সমুদ্র ও উপকূলীয় পথে পাচার রোধে তাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
