parbattanews

টেকনাফে নৌবাহিনীর অভিযানে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS) এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে।

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর দুটি সুসংগঠিত আভিযানিক দল চিহ্নিত সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভুট্টু সাইফুল’-এর সহযোগী এম. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে উক্ত বাড়ি থেকে ২টি জি-থ্রি রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকা থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে নৌবাহিনীর এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Exit mobile version