parbattanews

টেকনাফে মাছের ব্যাগে মিলল ৩০ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় বিজিবি’র বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কোরবান আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে উপজেলার নাজিরপাড়া বিওপি’র আওতাধীন জালিয়া পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃত কোরবান আলী টেকনাফ জালিয়া পাড়ার মৃত রমজান আলীর ছেলে।

​বিজিবি সূত্র জানায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নিয়ে কয়েকজন পাচারকারী জেলের ছদ্মবেশে নাজিরপাড়া সীমান্ত দিয়ে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় নাজিরপাড়া বিওপি’র একটি বিশেষ তল্লাশি দল জালিয়া পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

​বিকেল আনুমানিক ৬টা ৩০ মিনিটে জেলের ছদ্মবেশে দুইজন ব্যক্তিকে মাছভর্তি ব্যাগসহ লবণের ঘেরের দিকে দ্রুত হেঁটে যেতে দেখে বিজিবি টহল দল তাদের থামার সংকেত দেয়। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে কোরবান আলীকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তির সাথে থাকা মাছের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি) জানান, আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version