parbattanews

টেকনাফে মুক্তিপণে ফিরেছে অপহৃত মাছ ব্যবসায়ী

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫ হাজার টাকার মুক্তিপণে ফিরেছেন একজন মাছ ব্যবসায়ী। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলার আলিখালী পাহাড়ী এলাকায় মুক্তিপণের টাকা রেখে আসার পর শনিবার (২৩ আগস্ট) বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী নিজেই।

অপহৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মাহমুদুল হক (৩৮)। গত ১৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে অপহরণ করা হয় এই ব্যবসায়ীকে। এরপর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

ফিরে আসা মাহমুদুল হক বলে, “৫ দিন ধরে আটক রাখার পর শারিরীক নির্যাতন চালায়। টাকা নিয়ে পাহাড়ে রেখে আসলে পরে তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি অনেক অসুস্থ, বেশি মারধর করা হয়েছে। তারা ১০ জন রয়েছে, তাদের কাছে ৪টি ভারী অস্ত্র রয়েছে, তাদের মধ্যে বাংলাদেশী ও রোহিঙ্গা রয়েছে”।

এদিকে মাহমুদুল হকের শরীর জুড়ে কালো ও লালচে রক্তে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। এটি মারধর ও বিভিন্ন ধরনের নির্যাতনের চিহ্ন। ভালোভাবে হাঁটাচলা করতে পারছেন না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এটি নিয়ে পুলিশ কাজ করছে।
সূত্রে জানা যায়, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৭ জনের অপহরণের ঘটনা ঘটেছে।

Exit mobile version