parbattanews

টেকনাফে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তে বড় ধরনের এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর এবং টেকনাফ উপজেলার জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় সাকেরের ঘের নামক স্থানে মিয়ানমার থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পার্শ্ববর্তী ঘেরের পানিতে সাঁতরিয়ে পুনরায় মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪২টি প্যাকেটে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কাজ চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Exit mobile version