কক্সবাজারের টেকনাফ শীলখালী এলাকায় বিজিবির অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও এক ক্যান বিয়ারসহ মো. শাহীন (১৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করেন।
আটক শাহীন কক্সবাজারের টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে প্রাইভেটকারটির ড্রাইভিং হুইলের পেছনে কাপবোর্ডের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে মোট ২৮,০০০ পিস ইয়াবা এবং ১ ক্যান বিয়ার জব্দ করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং পাচারকারীর ব্যবহৃত স্মার্টফোনটিও বিজিবি জব্দ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন জানায়, সে টেকনাফ থেকে এই ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিল।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ”মাদক পাচারে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক আসামিকে জব্দকৃত মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
সীমান্ত সুরক্ষায় বিজিবি’র দৃঢ় অবস্থান
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা এবং মাদক দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
