parbattanews

টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ আগস্ট) দিনগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) সদস্যরা হৃীলা উত্তর ফুলের ডেইল এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডুর সুদা পাড়ার মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০) ও উখিয়ার কুতুপালং ক্যাম্পের লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫)।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ উপজেলার হৃীলা বিওপির বিআরএম-১৩ থেকে আনুমানিক ১০০ মিটার উত্তর দিকে হৃীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে লুকিয়ে রাখার সংবাদ পাওয়া যায়। এমন খবর পাওয়া পর রাত সাড়ে আটটার দিকে টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত উত্তর ফুলের ডেইল গ্রামে পৌঁছে সন্দেহভাজন বাড়িটিতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে অবস্থানরত দুইজন চোরাকারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে চোরাকারবারিদের দুইটি ব্যাগসহ আটক করতে সক্ষম হন। আটককৃত ব্যাগের ভিতর থেকে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মিয়ানমারের মংডু থেকে আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার পাচার করে এদেশে নিয়ে আসে।

উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশি টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা ও ধৃতদের বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version