টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, নৌকা জব্দ


কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে আরো এক চোরাকারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নৌকার আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৯ জুন) বিকেল চারটার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ চৌধুরীপাড়া কেকে খাল এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে নৌকাযোগে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিজিবি’র একটি চৌকস আভিযানিক দল কেকে খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিকেল আনুমানিক চারটার দিকে ওই এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেকে খালে নোঙর করা নৌকার জালের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করা হয় হস্তচালিত কাঠের নৌকাটি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সকল ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা ও নৌকার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে প্রায় সাড়ে সাত লাখ পিস ইয়াবাসহ তিনজকে আটক করেছে বিজিবি।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, বিজিবি
Facebook Comment

















