আজ ২৫ আগস্ট। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বাস্তচ্যুত হয়ে দলে দলে এদেশে আগমনের ৮ বছর পুর্ণ হয়ে ৯ বছরে পদার্পণ করল। এই কয়েক বছরে কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও একজন রোহিঙ্গাকেও স্বদেশ ফিরাতে পারেনি। প্রত্যাবাসন তো দুরের কথা, উল্টো ধাপে ধাপে আরো লাখের বেশি নতুন রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে। যা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান নিয়েছে।
জানা যায়, এখনো বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে। মানবতার খাতিরে আশ্রয় দেওয়ার পর প্রত্যাবাসন না হওয়ায় রোহিঙ্গারা এদেশে এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। বিশেষ করে হোস্ট কমিউনিটিদের জন্য বিষ ফোঁড়া এখন এই রোহিঙ্গারা। তারা দিন দিন উগ্রপন্থায় অপহরণ, হত্যা ও মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে।
মিয়ানমারের জান্তা সরকারের সেনা বাহিনীর দ্বারা নির্যাতিত হয়ে বিগত ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে এদেশে আশ্রয়ের ৮ বছর পূর্ণ হলেও মিয়ানমারের আরকানে এখনো থামেনি হত্যা, ধর্ষন, লুটপাটসহ নানা নির্যাতন। সেখানে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ চলছে। ইতিমধ্যে আরাকানের বেশির ভাগ অংশ দখলে নিয়ে শাসন করছে আরকান আর্মি। আর এই যুদ্ধে বলি হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। আরকান আর্মির নির্যাতনের শিকার হয়ে নতুন ভাবে আরো লাখ রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে। এখনো বিচ্ছিন্ন ভাবে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
এদিকে বিগত ৮ বছর ধরে এদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ জুড়ে আশ্রয়ে রয়েছে ১৩ লাখের বেশি রোহিঙ্গা।
