parbattanews

টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোক্তার আহমদ (৩০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় এক পথচারী কিশোরসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেরিন ড্রাইভের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফ অভিমুখে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে আরোহী মোক্তার আহমদ ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত মোক্তার উত্তর শিলখালী এলাকার জাফর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে থাকা অপর আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা না গেলেও এই ঘটনায় ১৩ বছর বয়সী পথচারী রকিব উল্লাহ গুরুতর আহত হয়। সে রাজার ছড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতের পরনে সাদা পায়জামা ও সবুজ পাঞ্জাবি ছিল বলে জানা গেছে।

নিহতের ভাই রেজাউল করিম মোটরসাইকেল দূুর্ঘটনায় তার ভাই মোক্তার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, তার তিন সন্তান রয়েছে।

​টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Exit mobile version