parbattanews

ট্রাম্পের চীন সফর : বিশ্ব রাজনীতির নজর বেইজিং বৈঠকের দিকে

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বিশ্ব রাজনীতির নজর এখন এই ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকের দিকে।

বৈঠকটিতে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের শুরুতে বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেন।

এসময় ট্রাম্প বলেন, আজ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারা তার জন্য একটি সম্মানজনক বিষয়। আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, যখনই কোনো জটিলতা দেখা দিয়েছে আমরা তা সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম এবং আপনিও আমাকে ফোন করতেন।

তিনি আরও বলেন, মানুষ জানে না যে, আমাদের যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা খুব দ্রুত তার সমাধান করেছি। আমি সবার কাছেই বলি যে, আপনি একজন মহান নেতা।

মার্কিন প্রেসিডেন্ট জানান, এই সফরে তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়িক নেতাদের নিয়ে এসেছেন। তিনি বলেন, আপনাকে সম্মান জানাতে আজ এখানে শুধুমাত্র শীর্ষস্থানীয় ব্যক্তিরাই উপস্থিত হয়েছেন।

ট্রাম্প বলেন, কেউ কেউ একে ইতিহাসের সর্ববৃহৎ সম্মেলন হিসেবে অভিহিত করেছেন এবং তিনি তাদের মধ্যকার আলোচনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।

চীনা প্রেসিডেন্টকে বন্ধু বলে তিনি আরও বলেন, আপনার সঙ্গে থাকা এবং আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য সম্মানের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে। খবর বিবিসি ও আল-জাজিরার।

চীন সফর
তিন দিনের এ সফরে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ইরান যুদ্ধ, বাণিজ্য এবং তাইওয়ান নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে৷
প্রায় এক দশক পর রাষ্ট্রীয় সফরে ইতিমধ্যে বেইজিংয়ে পৌঁছেছেন ডনাল্ড ট্রাম্প৷ এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চীন সফর করেছিলেন তিনি।

Exit mobile version