parbattanews

ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে।

সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কীভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে।

বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

এ সময় সেলিমা রহমান আরও বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন, আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে, তা বড় কথা নয় কিন্তু ধানের শীষ যেন ভোট পায়।

তিনি বলেন, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগাল করছে, ছাত্ররা গালাগাল করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই, তাদের ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে।

এর আগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, দুই একটি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছে না।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান লক্ষ জাতীয় সংসদ নির্বাচন এখনও অর্জিত হয়নি। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে।

Exit mobile version