parbattanews

ডিবি পুলিশ পরিচয়ে বিশ্ব ইজতেমা থেকে পাঁচ ব্যবসায়ীকে অপহরণ করে রাঙামাটিতে: একজন মুক্ত

DSC01579

আলমগীর মানিক, রাঙামাটি:
ডিবি পুলিশ পরিচয় দিয়ে টঙ্গী বিশ্ব ইজতেমা থেকে পাঁচ ব্যবসায়ীকে অপহরণ করে রাঙামাটির গহীন অরণ্যে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পাঁচ ব্যবসায়ীর মধ্যে সোমবার একজনকে ছেড়ে দেওয়ার পর এই তথ্য নিশ্চিত হয় রাঙামাটির প্রশাসন। বরকল থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ছাড়া পাওয়া ব্যবসায়ী ফজলুল হক জানান, তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানায়। তিনি একজন লুঙ্গী ব্যবসায়ি। শুক্রবার তিনি বাসযোগে বিশ্ব ইজতেমায় যোগ দেন এবং সেখানে বয়ান শোনার পাশাপাশি তিনি সিরাজগঞ্জ থেকে আনা লুঙ্গি বিক্রি করেন। রোববার আখেরী মোনাজাতের পর যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এই সময় একদল লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর তাকে একটি গাড়িতে ওঠানো হয়, সেখানে তিনি আরো চারজন ব্যবসায়ীকে দেখতে পান।

ডিবি পুলিশ পরিচয়দানকারীরা তাদের পাঁচ ব্যবসায়ী চোঁখ বেধে গাড়িটিতেই রওয়ানা হন। এক পর্যায়ে তাদের রাঙামাটি নিয়ে আসা হয়। ফজলুল হকের ভাষ্য অনুযায়ী পাঁচ ব্যবসায়ীকে রাঙামাটি আনার পর স্পীডবোটযোগে তাদের বরকল নিয়ে যাওয়া হয়। সারাদিন তাদের বিভিন্ন জায়গায় ঘোরানোর পর ফজলুল হকের কাছ থেকে তার ব্যবসার ৬২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে মাঝপথে নামিয়ে দেওয়া হয়। অপর ব্যবসায়ীদের কি অবস্থা তিনি বলতে পারেন নি।

সোমবার সন্ধ্যায় ছাড়া পাওয়া ব্যবসায়ী ফজলুল হক হানিফ পরিবহনযোগে (বাস নাম্বার-ঢাকা মেট্রো ব ১৪-৪৫১৬) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে চলে যান। যাওয়ার সময় তিনি এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
ঘটনার বিষয় বরকল থানা পুলিশ অবহিত হয়েছে বলে স্বীকার করেন বরকল থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম। তিনি জানান, আমি ছাড়া পাওয়া ব্যবসায়ি ফজলুল হকের তথ্যানুযায়ি থানায় জিডি করে টঙ্গি থানায় বার্তা পাঠিয়েছি।

অপহৃত ব্যবসায়ীরা সকলেই বিশ্ব ইজতেমায় কম্বল বিক্রি করেন, জানা গেছে তাদের কাছে অন্তত নগদ ১০ লক্ষ টাকার পুঁজি রয়েছে।

Exit mobile version