parbattanews

ডেপুটি স্পিকারের বিষয়ে সরকারের প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি মৌখিক যে প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে জামায়াত। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষ হওয়ার পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি এ সময় জানান, তারা এভাবে ডেপুটি স্পিকার চাননি।

গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দিয়েছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে নির্বাচিত হতে পারে।

যদিও বিরোধী শিবির থেকে এ নিয়ে লিখিত প্রস্তাবের পাশাপাশি জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করার দাবি আসছিল।

এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ফেসবুকে জানিয়েছেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে দল কেবল শারীরিক বা অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। তিনি সতর্ক করেছেন, দেশের ক্রাইসিস মোকাবিলায় সৎ ও দক্ষ জনশক্তি প্রয়োজন এবং জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি।

Exit mobile version