parbattanews

তারেক রহমানের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত টেকনাফ বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সারাদেশের ন্যায় টেকনাফ উপজেলা বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর দলের এই শীর্ষ নেতার দেশে ফেরায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এক নতুন চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। তারেক জিয়ার প্রত্যাবর্তনে টেকনাফের বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় আনন্দ মিছিল করা হচ্ছে।

তারেক রহমানকে বরণ করে নিতে ইতিমধ্যে সমাবেশস্থলে যোগ দিয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী।

এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার টেকনাফ, বাহারছড়া, হ্নীলা, সাবরাং, হোয়াইক্যং ইউনিয়নসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকায় সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই রওয়ানা হয়েছে।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বলেন, তারেক জিয়ার আগমনে গোটা বাংলাদেশ হাসছে। লক্ষ লক্ষ জনতার স্রোত এখন ঢাকামুখী। তারেক রহমান কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের কোটি মানুষের আস্থার প্রতীক। দীর্ঘ নির্বাসন শেষে তার এই রাজকীয় প্রত্যাবর্তন হবে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের এক নতুন অধ্যায়। তৃণমূলের কর্মীরা তাদের প্রাণপ্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় প্রহর গুনছে।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরলে দলের সাংগঠনিক ভিত্তি যেমন গতি ফিরবে, তেমনি জাতীয় রাজনীতিতেও আমূল পরিবর্তন আসবে। টেকনাফ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো নেতাকে স্বাগত জানাতে দলে দলে ঢাকায় সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই রওয়ানা হয়েছে।

তৃণমূল নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মনে করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক।

Exit mobile version