parbattanews

তিন দফায় বাড়লো বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা

আবারো বান্দরবানে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এই নিয়ে তিন দফায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শুক্রবার ( ১০ জুলাই) সাড়ে সাতটায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এক স্বাক্ষরিত মাধ্যমে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৮ জুলাই তারিখে জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,উক্ত সময়ে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

এর আগে টানা ভারী বর্ষনের কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ জুলাই পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা গণবিজ্ঞপ্তি দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্বিতীয় দফায় চারদিন বাড়িয়ে ১২ জুলাই ও সবশেষ ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি থাকায় আরো তিনদিন বাড়িয়ে ১৫ তারিখ পর্যন্ত বান্দরবানে সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা করেছে প্রশাসন

Exit mobile version