parbattanews

তুরাগে নদ থেকে মরদেহ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি : ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদ থেকে একাধিক লাশ উদ্ধারের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

রবিবার ( ২৮ জ্যন ) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি জানান, ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বা সংশ্লিষ্ট কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলাও দায়ের করা হয়নি।

এস এন নজরুল ইসলাম বলেন, প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

ডিএমপি জানায়, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে।

সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অভিযোগ, তথ্য বা ঘটনার সত্যতা সমর্থনকারী প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ডিএমপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানায়। পুলিশের ভাষ্য, গুজব, বিভ্রান্তিকর কিংবা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

ডিএমপি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Exit mobile version