থানচিতে কৃষক মাঠ দিবসের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত


বান্দরবানের থানচি উপজেলায় কৃষক মাঠ দিবস উপলক্ষ্যে হাঁস–মুরগি, গরু–ছাগল ও শূকর পালনের বিশেষ পদ্ধতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী থানচি সদর ইউনিয়নের আমতলী পাড়া প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)–এর “Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC)” প্রকল্পের কর্মকর্তারা এ আয়োজন করেন। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের সহযোগী প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)–এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সাঅংসিং মারমার সঞ্চালনায় এবং টেকনিক্যাল অফিসার হলাগ্যউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ওয়ালিদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মংবোয়াচিং মারমা অনুপম, উপ–সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মেনসিং ম্রোসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথি কৃষিবিদ মোহাম্মদ ওয়ালিদ হোসাইন বলেন, পাহাড়ি এলাকার কৃষকদের টেকসই জীবিকা গড়ে তুলতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসল উৎপাদনের মানোন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মাঠ স্কুল কার্যক্রম কৃষকদের হাতে–কলমে শেখার সুযোগ করে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, নারী সদস্য, প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাঠ দিবসে ফসল ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ, কীটনাশকের বিকল্প পদ্ধতি এবং কৃষিতে ঝুঁকি মোকাবিলা বিষয়ে আলোচনা হয়।
এর আগে উপস্থিত কৃষাণিরা হাঁস–মুরগি, গরু–ছাগল ও শূকর পালনে টিকা–ভ্যাকসিন প্রয়োগ, বিভিন্ন রোগ প্রতিরোধ, প্রাণী বাঁচানো, সুস্থ রাখা ও বাজারজাতকরণ বিষয়ে বিশেষ পদ্ধতির প্রদর্শনী করেন। এছাড়া পুষ্টিকর খাদ্য উৎপাদন, খামার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের বিশেষ পদ্ধতিও প্রদর্শন করা হয়। অতিথিরা খামার পরিদর্শন করে অভিজ্ঞতা শেয়ার করেন। শেষে মা দলের চল্লিশজন সদস্যের মাঝে গর্ভধারণকারী মুরগি ও পুষ্টিকর খাদ্যের বীজ বিতরণ করা হয়।

















