থানচিতে গুরুতর আহত পর্যটকের অবস্থা আশঙ্কাজনক

বান্দরবানের থানচি উপজেলায় সড়কে চলন্ত গাড়িতে হাত বাইরে রাখায় অন্য গাড়ির সংঘর্ষে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টা সময়ে থানচি–বান্দরবান সড়কের বলিপাড়া ইউনিয়নের দিন্তে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পর্যটক হলেন শেখ জাহিদ হাসান (২৫)। পিতার নাম হাসানুল আলী। বাড়ি সাতক্ষীরার দরগাহপুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানচিমুখী একটি টুরিস্টবাহী বি-সেভেন্টি গাড়ি এবং বান্দরবানমুখী অপর একটি বি-সেভেন্টি গাড়ি চলন্ত অবস্থায় কাছাকাছি অতিক্রম করার সময় আহত পর্যটক অসাবধানতাবশত গাড়ির বাইরে হাত বের করে রাখেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লেগে তার হাত গুরুতর জখম হয়।
আহত পর্যটককে সফরসঙ্গীরা দ্রুত উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ পার্বত্যনিউজকে জানায়। আহত পর্যটকের অবস্থা আশঙ্কাজনক।
















