থানচির উহাইমং মারমা স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ


বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারী পাড়া গ্রামের দরিদ্র চশৈখয় মারমার বড় সন্তান ১৪ বছর বয়সী উহাইমং মারমা লাকসাম থেকে বাড়িতে ফেরার পথে ২৪ নভেম্বর নিখোঁজ হন। নিখোঁজ হবার স্থান থানচি থেকে দূরে হওয়ায় সেখানে গিয়ে নিখোঁজ ডায়েরি বা জিডি করতে পারেনি উহাইমং মারমার দরিদ্র পিতা চশৈখয় মারমা। তবে স্থানীয় থানচি থানায় জিডি করতে গেলেও পুলিশ তাঁর জিডি গ্রহণ করেনি।
পরিবার সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র উহাইমং মারমা (১৪)। গত ২৪ নভেম্বর রাতে উহাইমং মারমা ট্রেনে চট্টগ্রাম হয়ে থানচির নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু আজ ১৩ ডিসেম্বর পর্যন্ত সে বাড়িতে পৌঁছায়নি এবং তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এ বিষয়ে থানচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে ওসি লাকসাম থানায় জিডি করার পরামর্শ দেন। তার পিতা আর্থিক সংকট ও অপরিচিত লাকসাম যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান।
নিখোঁজের পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার উদ্বিগ্ন। প্রশাসনের সহযোগিতা চাইছে।
জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ে যোগাযোগ করা হলে আশ্রমের শিক্ষক মংসিংনু মারমা বলেন, সে (শিক্ষার্থী) আমাদের না জানিয়ে কয়েকজন সহপাঠি নিয়ে ২৪ ডিসেম্বর রাতে রেলওয়ে স্টেশনে গেছে।
উহাইমং মারমার সন্ধান পেতে পরিবারের পক্ষে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। উহাইমং মারমা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

















