দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিলবক্স ও বিস্কুট তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জোন কমান্ডার শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
স্থানীয়রা জানান, শিক্ষা ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
