দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিজিবি কর্তৃক দখল হওয়ার অভিযোগ করে ২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পূনরুদ্ধার করে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবীতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। এতে স্থানীয় স্কুলটিতে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা স্কুলের পোশাক পড়ে অবস্থান ধর্মঘটে অংশ নেয়।
২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অবিভাবকবৃন্দের ব্যনারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত অবস্থান ধর্মঘটে নেতৃত্ব দেন ২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেবেত্রু চাকমা। এসময় উপস্থিত ছিলেন, ঐ স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের অবিভাবক মৃণাল কান্তি চাকমা, মুকুল চাকমা, বাবুল চাকমা, নন্দিতা চাকমা, গোপা চাকমা, রিপন চাকমা প্রমূখ।
অবস্থান ধর্মঘটে অংশ নেয়া অবিভাবকরা বলেন, ‘বাবুছড়ায় স্থাপনকৃত ৫১ বিজিবি তাদের বসতবাড়ি জোরপূর্বক দখল করে রেখেছে। এমনকি ছেলে মেয়েদের পড়ালেখা করানোর জন্য একমাত্র স্কুলটিও তারা তাদের দখলে নিয়ে নিয়েছে’। তারা অবিলম্বে বিজিবি ব্যাটালিয়ন উচ্ছেদসহ ছেলে মেয়েদের পড়ালেখার সুবিধার্থে ঐ স্কুলটি পূনরুদ্ধার করে চালুর দাবী জানান।
প্রসঙ্গত, গত ১৪ মে ২০১৪ দিবাগত রাতে ৪নং দীঘিনালা ইউনিয়নের যত্ন কুমার কার্বারী পাড়া ও শশী মোহন কার্বারী পাড়ায় বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন স্থাপন করে বিজিবি সদস্যরা। স্থাপনকৃত ৫১ বিজিবি সদস্যরা ব্যাটালিয়ন এলাকা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। সেখানে ২নং বাঘাইছড়ি সরকারী প্রাথমিক
বিদ্যালয় নামে প্রাথমিক বিদ্যালয় ছিলো। তবে বিদ্যালয়টিতে স্থানীয় ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে বিজিবি কাটাতারের একাংশ উন্মুক্ত করে দেয়। তারপরেও স্থানীয় ছাত্র-ছাত্রীদের অবিভাবকবৃন্দ স্কুলটি
উন্মুক্ত করনসহ বিজিবি ব্যাটালিয়ন প্রত্যাহারের দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
