parbattanews

দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৯ জুন) বিকালে সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরস্থ শালবনে বঙ্গমাতা আবাসন প্রকল্পের বসবাসরত শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর।

বিতরণকালে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা মুসলমানদের জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজে একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ-আনন্দ মানেই হলো বেঁচে থাকার লড়াই। দু’বেলা খাওয়ার সংগ্রাম। আজও রয়েছে দুঃখী মানুষের ভিড়। আমরা কি পারি না- তাদের দুঃখ লাঘবের চেষ্টা করতে। তাদের মুখে একটু হাসি ফোটাতে। নতুন পোশাক বা ঈদের অন্য আনন্দগুলো তাদের সাথে ভাগাভাগি করে নিতে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ, আপনারাও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জসীম উদ্দিন,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ খালেদ হোসেন, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. তানভীর হাসান, সদর থানার এসআই মো. আল মামুন প্রমুখ।

Exit mobile version