ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার ( ৩১ জুন) রাতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও মেজবানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজন করেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ সমুন্নত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে এবং মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে এমনভাবে কাজ করতে হবে, যাতে সম্মানের সঙ্গে মানুষের কাছে গিয়ে আবার ভোট চাইতে পারা যায়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, তাঁর বাবা সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি হাটহাজারী থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। সেই আদর্শ ধারণ করেই তিনি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
