বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচারবিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই।
মঙ্গলবার ( ২৬ মে ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে সরকারের কিছুই করার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বেশি মামলার পক্ষই হচ্ছে সরকার, আর সবচেয়ে বেশি হেরেছেও সরকার। সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। সরকার যদি এত মামলায় হারতে পারে, তাহলে তো বলতে পারতেন সরকার তার সব মামলায় জিতে যাচ্ছে। স্টাডি করে দেখেন, সরকারের বিরুদ্ধেই রায় দেওয়া হয়।
মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে।
রামিসা হত্যা মামলার যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান আইনমন্ত্রী।
