parbattanews

দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট বাসিন্দাদের জন্য বিকল্প ও উপযুক্ত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত অঞ্চলটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তবে চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত থাকায় যাতায়াতে জটিলতা দেখা দিয়েছে।

মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থানরত নাগরিকদের দেশে ফেরাতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে আটকে পড়া ব্যক্তিদের বাণিজ্যিক ফ্লাইটে টিকিট বুক করতেও সহায়তা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে প্রায় ১৭ হাজার ৫০০ জন মার্কিন নাগরিক দেশে ফিরে গেছেন।

Exit mobile version