parbattanews

ধর্ম চর্চায় ঝুঁকে পড়ছেন ঢাকার নায়ক নায়িকারা

ঢাকাই সিনেমার রঙিন পর্দার নায়ক নায়িকাদের ধর্মকর্মে মনোযোগ বেড়েছে। কেউ কেউ তো সিনেমার জগত বিদায় দিয়ে পুরোপুরি ধর্মে মনোযোগ দিয়েছেন। আবার অনেকে সিনেমা জগতে থাকলেও ধর্ম চর্চা করছেন নিয়মিত। জীবনযাপনেও পরিবর্তন এসেছে। তাদের নিয়ে আজকের প্রতিবেদন


শাকিব খান

ধর্ম-কর্মে মনোনিবেশ করা তারকার মধ্যে সর্বশেষ সংযোজন শীর্ষনায়ক শাকিব খান। সম্প্রতি তাকে দেখা গেছে ধানমন্ডি মসজিদের খতিব ওসামার কাছে গিয়ে ইসলামের দীক্ষা নিতে। এরই মধ্যে কয়েকবার হজ পালন এবং এখন নিয়মিত নামাজ-রোজা আদায় করছেন তিনি। তার কথায় ইহকাল বড় নয়, পরকালই মানুষের আসল ঠিকানা। জীবনযাপনের জন্য মানুষ নানা পেশায় যুক্ত হয়। কিন্তু কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত হচ্ছে মুসলমানের প্রকৃত পরিচয় ও কর্তব্য।

নায়িকা হ্যাপী এখন তাবলীগ করছেন

ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আলোচনায় আসা অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি এখন নাম বদলে আমাতুল্লাহ হয়েছেন। নামের মতো পুরোপুরি বদলে গেছেন তিনি নিজেও।

আমাতুল্লাহ অর্থ আল্লাহর দাসী। নিজেকে আপাদমস্তক বোরকায় ঢেকে এখন চলাফেলা করেন হ্যাপি। এমনকি হাতের নখও মোজায় ঢেকে রাখেন। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন নিজের আগের সব ছবি। বন্ধু তালিকায় আছেন কেবল নারীরা।

নায়িকার জীবন থেকে পুরোদস্তুর বদলে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন-যাপন শুরু করা হ্যাপি এতদিন ছিলেন অনেকটাই প্রচারের আড়ালে।

এদিকে, কঠোর পর্দানশীন হয়ে জীবনযাপন করা হ্যাপির রূপান্তরের সাত-পাঁচসহ তার জীবনের নানান বিষয় নিয়ে বাজারে এসেছে একটি জীবনীভিত্তিক বই।

মাকতাবাতুল আজহার প্রকাশনী থেকে প্রকাশিত `হ্যাপি থেকে আমাতুল্লাহ` নামে সাক্ষাৎকারধর্মী এই বইটি লিখেছেন মাকতাবাতুল আজহার প্রকাশনীর প্রকাশক আব্দুল্লাহ আল ফারুক ও তাঁর স্ত্রী সাদিকা সুলতানা সাকী।

বইটির সহ লেখক আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, ৬/৭ মাস আগে হ্যাপি তার ফেসবুকে স্ট্যাটাস দেন তার জীবনকথা নিয়ে সে বই প্রকাশ করতে চান, তা কেউ কি ছাপাবে? হ্যাপির বন্ধু তালিকার সবাই নারী হওয়ার কারণে ফারুকের স্ত্রীর মাধ্যমে হ্যাপিকে বই প্রকাশের অফার দেওয়া হয়। এরপর তিনি লেখা শুরু করেন।

ফারুক জানান, হ্যাপি এখন পুরোপুরি বদলে গেছেন। বিয়ে করে সংসারী হয়েছেন প্রায় আট মাস আগে। বইয়ে হ্যাপি বলেছেন, তার নতুন শিশুর মতো জন্ম হয়েছে, আগের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

নিজের প্রকাশনী থেকে বের হওয়া বই সম্পর্কে তিনি জানান, সাক্ষাৎকারধর্মী বইটিতে মোট ১০৪টি প্রশ্ন রয়েছে। এতে হ্যাপির শৈশব, কৈশোর, তারুণ্য, অভিনয়, মডেলিং, জীবনের উত্থানসহ অনেক বিষয় উঠে এসেছে। ‍তুলে ধরা হয়েছে তিনি কীভাবে নামাজি ও পর্দানশীন হয়ে উঠলেন।

নিয়মিত ধর্মকর্ম করেন নায়িকা ময়ূরী

এক সময়ের বহুল আলোচিত ও নগ্নতার জন্য চলচ্চিত্রে নিষিদ্ধ খুল্লামখুল্লা নায়িকা ময়ুরী এখন নিয়মিত ধর্মকর্ম করছেন। এ বিষয়ে তিনি নিজেই বলেছেন, জুয়েলই আমাকে ধর্মের পথে আসতে সহায়তা করেছে। তার উৎসাহ, অনুপ্রেরণায় আমি এখন নিয়মিত ধর্মকর্ম করি। তাবলীগেও গিয়েছি। বলতে পারেন আমি এখন পুরোদস্তুর পর্দার ভেতর চলাফেরা করি।

প্রথম স্বামী মারা যাওয়ার প্রায় দুই বছর পর দ্বিতীয়বার সংসার সাজিয়েছেন ঢাকাই ছবির একসময়ের আলোচিত নায়িকা ময়ূরী। গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তার এ স্বামীর নাম শফিক জুয়েল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে মাস্টার্সে পড়ছেন।

পরিচয়ের দেড় মাসের মধ্যেই জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। বর্তমানে টঙ্গীতে নতুন স্বামীর সঙ্গে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে ময়ূরীর আগের পক্ষের একমাত্র মেয়ে অ্যাঞ্জেল। নতুন বিয়ে প্রসঙ্গে গতকাল মুখ খুলেছেন ময়ূরী।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ময়ুরী বলেন, দোয়া করবেন তার স্ত্রী থাকাকালীনই যেন আমার মৃত্যু হয়। আরেকটি কথা, জুয়েলই আমাকে ধর্মের পথে আসতে সহায়তা করেছে। তার উৎসাহ, অনুপ্রেরণায় আমি এখন নিয়মিত ধর্মকর্ম করি। তাবলীগেও গিয়েছি। বলতে পারেন আমি এখন পুরোদস্তুর পর্দার ভেতর চলাফেরা করি।

শাবানা

১৯৯৬ সালে হুট করেই ঢালিউড কুইন-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শাবানা অভিনয় ছেড়ে ধর্মের প্রতি মনোযোগী হয়ে পড়েন। ষাটের দশকে চলচ্চিত্রে আসা এই অভিনেত্রী নিয়মিত নামাজ-রোজা এবং হজ পালনে ব্রতী হন।

বলতে গেলে লোকচক্ষুর অন্তরালে চলে যান। এমনকি দেশ ত্যাগ করে আমেরিকা প্রবাসী হন। এখন পর্যন্ত তিনি আর চলচ্চিত্রে ফেরেননি। মাঝে-মধ্যে দেশে এলেও তার ছায়া পর্যন্ত কেউ দেখত না। বছর খানেক আগে ঢাকায় এক বিয়ের অনুষ্ঠানে হিজাব পরিহিত শাবানা ধরা পড়েন এক আলোকচিত্রির ক্যামেরায়।

ইলিয়াস কাঞ্চন

আশির দশকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয় সহধর্মিণী জাহানারা কাঞ্চন। এরপর অভিনয় আর সমাজ সেবামূলক কাজের মধ্যে প্রয়াত স্ত্রীকে বাঁচিয়ে রাখার সংগ্রামে অবতীর্ণ হন তিনি। ‘নিরাপদ সড়ক চাই’ শিরোনামে সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত এবং নিয়মিত নামাজ, রোজা, হজ এবং শুটিংয়ের ফাঁকেও পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত করতে কখনো ভোলেন না এই জনপ্রিয় নায়ক।

সুচন্দা

ষাটের দশকে অভিনয়ে আসা কোহিনূর আক্তার সুচন্দা নব্বই দশক পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেন। এরপর প্রযোজনা-পরিচালনাতেও সমান জনপ্রিয় ও রাষ্ট্রীয় সম্মান লাভ করেন। নব্বই দশকের শেষভাগে হঠাৎ করে চলচ্চিত্র জগৎ ছেড়ে রীতিমতো ধর্ম-কর্ম আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নিয়মিত নামাজ, রোজা, হজ এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই কাটছে জনপ্রিয় চলচ্চিত্রকার সুচন্দার দিনকাল।

শাবনাজ-নাঈম

১৯৯৬ সালে চলচ্চিত্রে আসা ‘চাঁদনী’ ছবি খ্যাত শাবনাজ-নাঈম জুটির পর্দার প্রেম একসময় তাদের বাস্তব মনের দরজায় কড়া নাড়ে। এরপর ২০০০ সালের প্রথম দিকে এই জুটি বিয়ের পিঁড়িতে বসে অভিনয় ছাড়েন। রীতিমতো সংসার আর ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। নাঈমকে দাড়ি আর শাবনাজকে হিজাব পরিহিত অবস্থাতেই দেখা যায় এখন।

শাবনূর

২০১২ সালে গোপনে বিয়ে করেন শাবনূর আর ২০১৩ সালে সন্তানের মা হন। তখন থেকেই অভিনয়ে তাকে আর তেমনভাবে পাওয়া যাচ্ছে না। সময় কিভাবে কাটান জানতে চাইলে তার কথায়—স্বামী-সন্তানের দেখভাল আর নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত হচ্ছে এখন তার প্রাত্যহিক কাজ। শাবনূরকে এখন রীতিমতো বোরকা আর হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়।

মিশা সওদাগর

ধার্মিক হিসেবে বেশ শুনাম রয়েছে খলঅভিনেতা মিশা সওদাগরের। নিয়ম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা করেন তিনি। মিশা সওদাগর বলেন, ‘আল্লাহ আমাকে অর্থসম্পদ দিয়েছেন আর তার শোকরিয়া আদায় করার জন্যই হজ পালন করে এসেছি।

আমি মনে করি প্রত্যেক সামর্থ্যবান মানুষেরই শোকরিয়া জানানোর জন্য জীবনে একবার হলেও হজ পালন আর নিয়মিত নামাজ-রোজা আদায় করা উচিত।’

মুনমুন

এক সময়ের খোলামেলা নায়িকা মুনমুন ধর্মে-কর্মে ফিরে গেছেন। বর্তমানে হিজাব ছাড়া বাইরে বের হন না। নিয়মিত নামাজ পড়ছেন, এমনকি পরপুরুষকেও এড়িয়ে চলছেন। অশ্লীল অভিনয়ের কারণে চলচ্চিত্রে তাকে নিষিদ্ধ করা হয়। যাত্রাপালাতেও অশ্লীল নাচ করেন। বর্তমানে বেশ ধর্মভীরু হয়ে পড়েছেন। দরকার ছাড়া বাইরে বের হন না। বাইরে বের হলেও হিজাব ব্যবহার করেন। নিজে বাড়িতে বসে টিভি পর্যন্ত দেখেন না মুনমুন।

অনন্ত জলিল

চলচ্চিত্রকার অনন্ত জলিল গত বছর হঠাৎ রবীন্দ্র সরোবরে এসে সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে হৈ চৈ ফেলে দেন। বিশ্ব মিডিয়ায়ও সাড়া ফেলেন তিনি। পাগড়ি আর জুব্বা পরে তাবলিগে অংশ নিতে যান, মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে কোরআন তেলাওয়াত আর ইসলামী বয়ানে অংশ নেন। বায়িং হাউসের ব্যবসা নিয়েই ব্যস্ত এখন। অনন্ত অবশ্য চলচ্চিত্রে আসার আগেই ধার্মিক ছিলেন। তার সাভারের এ জে গ্রুপ অফিস আর কারখানায় গেলে দেখা যায় সেখানে তিনি রীতিমতো লিখিত নোটিস দিয়ে ঘোষণা দিয়ে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা যেন নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে নামাজ আদায় করেন। তিনি মসজিদ, মাদ্রাসা, এতিম খানা, বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।

শাহনাজ রহমতউল্লাহ

প্রায় ৫০ বছরেরও বেশি সময় মানুষকে তার জাদুকরী সুরে আবিষ্ট করে রেখেছেন। এই শিল্পী অনেক দিন গান করেন না। তিনি বলেন, ‘ওমরাহ করার পর থেকেই গান-বাজনার প্রতি আগ্রহ কমে গেছে। পাঁচ ওয়াক্ত নামাজ আর সংসার নিয়ে ব্যস্ত থাকতে চাই।

আরিফিন রুমি

বেশ কিছুদিন ধরে নামাজ-রোজা এবং এবাদত-বন্দেগিতে মনোযোগ স্থাপন করেছেন এই শিল্পী। নিজের বেশভূষাতে পরিবর্তন এনেছেন মুখে দাড়ি ও মাথায় টুপি পরা আরিফিন রুমিকে দেখলে অনেকে কিঞ্চিত ধাক্কাও খেতে পারেন।

এ তালিকার বাইরেও চলচ্চিত্র জগতের আরো অনেক নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী নিয়মিত ধর্ম চর্চা করে থাকেন। তাদের অনেকে এখন পর্দা করছেন।

সূত্র: বা. প্র.

Exit mobile version