মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বৈসাবি উৎসবকে ঘিরে নতুন সাজে শত বছরের ঐতিহ্যবাহী মানিকছড়ি মহামুনি বৌদ্ধ বিহার। একদিকে নববর্ষকে বরণ অন্যদিকে বৈসু সাংগ্রাই,বিজু, (বৈসাবি) উৎসব তাই উপজেলার প্রত্যান্তাঞ্চলের পরতে পরতে চলছে উৎসব উদ্যাপনের প্রস্তুতি।
এ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার উপজেলার মহামুনি বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হবে পাহাড়ী-বাঙ্গালীর প্রাণের উৎসব শত বছরের ঐতিহ্যবাহী মহামুনি মেলা। ঐতিহ্যবাহী মং রাজবাড়ির ব্যবস্থাপনায় প্রতি বছর এ মেলা উদ্যাপিত হয়। ১৮৮৩ সালে তৎকালীন রাজা ধর্মাবলম্বীদের ধর্ম পালনের কথা বিবেচনা করে রাজবাড়ি সংলগ্ন পাহাড়ে বৌদ্ধ মন্দির নির্মাণ করেন। দীর্ঘ এগার বছর পর ১৮৯৪ সালে রাজা নিপ্রুসাইন উক্ত মন্দিরে স্থাপন করে মহামুনি বুদ্ধমূর্তি। বুদ্ধমুর্তির নামানুসারে এই জায়গার নাম রাখা হয় মহামুনি বৌদ্ধ বিহার।
মূর্তি প্রতিস্থাপনের তারিখ অনুসারে প্রতি বছর অনুষ্ঠিত হয় মহামুনি মেলা (সাংগ্রাই উৎসব)। সার্বজনীন এই মেলায় যোগ দেবেন বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লক্ষাধিক দর্শনার্থী। বৌদ্ধ ধর্মালম্বীরা পিন্ডদান, ফুলপুজা, প্রদীপ পুজা, পঞ্চশীল গ্রহন ও বিশ্ব শান্তি কামনায় গন-প্রর্থনার মাধ্যেমে দিনটি পালন করে। তাছাড়া বিভিন্ন চালের নানা রকম পিঠা তৈরী ও পাঁচন রান্না উৎসবের অন্যতম আকর্ষণ।
এছাড়া পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ সংলগ্ন ত্রি-মৈত্রী বটমুলে দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভা যাত্রা, শুভেচ্ছা বিনিময়, পান্তা ইলিশ ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান।
