নতুন ৫ দাবি যোগ করে সাত কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম

fec-image

সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দেওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে নতুন করে আরো ৫ দফা দাবি জানিয়েছেন। এ ছাড়া ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৪ ঘণ্টা পর নতুন কর্মসূচির ঘোষণার আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জানান, সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। সবচেয়ে বড় সমস্যা ছিল পরিচয়ের বিষয়টি। তারা সরকারকে সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছেন। তারা শিক্ষার্থীদের কথা শুনেছেন, দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সর্বশেষ চূড়ান্তভাবে সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন।

এ জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

তারা আরো জানান, সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষিত ছয় দফা দাবির মাত্র একটি বাস্তবায়ন হয়েছে। বাকি দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। তাই বাকি দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টা আলটিমেটাম দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা পরে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার্থীদের নতুন ৫ দফা দাবি হলো :

১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ;
২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা;
৩. সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান রাখা;
৪. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথেই চলমান সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ;
৫. উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আগামী দুই দিনের মধ্যে টেবিলটকের আয়োজন করা।

এর আগে শিক্ষার্থীরা পূর্বঘোষিত আলটিমেটামে নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাত কলেজের সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ কর্মসূচি প্রত্যাহার করেন। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে এক বৈঠকের পর সাত কলেজ শিক্ষার্থী প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক শেষে তিনি বলেন, ‘সরকার আমাদের ছয় দফা দাবির বিষয়ে ইতিবাচক।

যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না এবং নিউমার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন