সীমান্ত চোরাচালানচক্রের মূলহোতা কুখ্যাত ডাকাত নুরুল আবছারকে (৩৪) আটক করেছে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।
বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, ৬টি গুলির খালি খোসা সহ আটক করে নাইক্ষংছড়ির ১১ বিজিবি।
২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দকৃত ৯ হাজার পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামী মো. নুরুল আবছার। সে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
ইতোপূর্বে নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার চিহ্নিত। একসময় নুরুল আবছার আরেক কুখ্যাত ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়।
আটক নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর, কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায়।
