নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের শূন্যরেখায় না যাওয়ার পরামর্শ দিলেন ইউএনও


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘুমধুম বৌদ্ধবিহারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় বিজিবি সদস্য, ঘুমধুম ইউনিয়নের প্রশাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক ঘুমধুমবাসী উপস্থিত ছিলেন।
বৈঠকে সাম্প্রতিক সময়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং নিরাপদে কৃষিকাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শূন্যরেখায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাদক ও চোরাকারবারের সঙ্গে যেন কেউ জড়িত না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এ ছাড়া নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয় এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় বিজিবি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রামবাসীরা জানান, এ উঠান বৈঠককে ঘিরে পুরো এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এখানে যোগদানের পর বেশ কয়েকটি মানবিক ও সচেতনতামূলক সভা করেছেন। সাধারণ মানুষ তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উঠান বৈঠক এ এলাকায় এই প্রথম অনুষ্ঠিত হলো।

















