
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
নতুন বই পাওয়ার অপেক্ষা যেন সইছেনা। অনেক খুশি আর আনন্দঘন চোখে মুখে কিছুক্ষণ পর পর হৈ-হুল্লোড় করে উঠছিল নতুন বইয়ের জন্য অপেক্ষমান কোমলমতি শিক্ষার্থীরা। সবশেষে অতিথিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন বই গুলো বুকে জড়িয়ে নিয়ে মা-বাবার সান্নিধ্যে যাওয়ার পরই উৎসবের সমাপ্তি ঘটে। এভাবেই পুরো পাহাড়ী উপজেলা নাইক্ষ্যংছড়িতে নতুন বছরের প্রথম দিনে সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রথমে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল হাসান মোরশেদ, পিএসসি জি প্লাস এর পক্ষে আনুষ্ঠানিক বই বিতরণ করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রাসেল সিদ্দিকী।
তিনি বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ায় শিশু-কিশোরদের মাঝে অন্যরকম আনন্দ বয়ে যায়। এই আনন্দ যেন নববর্ষের সব উৎসব ছাপিয়ে গেছে। এটি একটি বর্তমান সরকারের বড় সফলতা। পিএসপি পরীক্ষায় শতভাগ সাফল্যের জন্য স্কুলের শিক্ষক ও অভিভাবকসহ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পারিবারিক সব ধরণের কলহ থেকে শিক্ষার্থীদের দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, ৩১ বিজিবির এডি মোশারফ হোসেন। শিক্ষক ওমর ফারুখ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, জেসমিন আক্তার, আবদু সাত্তার ফারুক, মোমেনা আক্তার, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো. আবুল বাশার নয়ন, দিনকাল প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল, অভিভাবক অসিম বড়ুয়া, আবু তাহের প্রমুখ।
অপরদিকে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাকঢালা জুনিয়র হাই স্কুল, উত্তর চাকঢালা ও দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব আমেজে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ ও উপজেলা নিবার্হী অফিসার আবু শাফায়ৎ মুহম্মদ শাহে দুল ইসলাম।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আবু আহামদ, নির্বাচন অফিসার রিয়াজুল ইসলাম, স্কুল কমিটির সভাপতি ও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের কোম্পানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বই বিতরণকালে বক্তারা বলেন, অতীতে যেখানে নতুন ক্লাসের বই পেতে মার্চ-এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতো। সেখানে বছরের শুরুতেই বই উৎসব হচ্ছে সারাদেশে। এটি একটি সরকারের সব ভাল কাজের মধ্যে অন্যতম। নতুন বই নিয়ে সকল শিক্ষার্থীরা যাতে উজ্জীবিত হয়ে লেখাপাড়ায় মনোযোগী হয় তার জন্য অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে।