parbattanews

নাইক্ষ্যংছড়ি কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মো.আবুল বাশার নয়ন:
নাইক্ষংছড়ি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজে ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

কলেজ অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ৩১ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মোরশেদ পিএসসি জি প্লাস।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল হাসান মোরশেদ বলেন, পরিশ্রম মানুষের মেধা বৃদ্ধি করে। তাই মেধাবীদেরকে মেধার বিকাশ ঘটিয়ে উচ্চতার শিখরে পৌঁছাতে হবে। এসময় তিনি মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের অবদান রাখার জন্য আহবান জানান।

সহকারী অধ্যাপক মো. শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বশির আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইকবাল, হাজী মো: আমিন, মাস্টার নাজির মোহাম্মদ।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, কক্সবাজার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, মিজানুর রহমান, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহ আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন, ১ম বর্ষের ছাত্র সিরাজুল হক, গীতা পাঠ করেন, বৈশাখী শর্মা, ত্রিপিঠক পাঠ করেন, শৈ শৈ ওয়ান চাক, বাইবেল পাঠ করেন, হিলারী ত্রিপুরা।

কৃতী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাজ্জাদ উল্লাহ, ইসমত আরা বেগম এছাড়াও কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Exit mobile version