parbattanews

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত।

বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

এসএসএফকে দায়িত্বশীলতার কারণে বাহিনীটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে সরকারপ্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোয় তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকারপ্রধান হিসেবে এসএসএফ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি গাড়িবহরের আকর সীমিত করেছি। তবে সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, এসএসএফকে একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

এ সময় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Exit mobile version