গত বছরের গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী ক্র্যাকডাউনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে নেপালে ছড়িয়ে পড়া গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটবিরোধী বৃহৎ বিক্ষোভে রূপ নেয়।
তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ফৌজদারি অবহেলা’র দায়ে অভিযুক্ত করে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধানকেও গ্রেপ্তারের পরামর্শ দেওয়া হয়।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক র্যাপার বালেন শাহ শপথ নিয়েছেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং ওলির গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়া।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নতুন সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিতে চাইছে। বর্তমানে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো যায়।
