parbattanews

পল্লবীতে বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ২

রাজধানীর পল্লবী থানার মাদ্রাসা ক্যাম্প এলাকায় বাসায় কাজের কথা বলে ডেকে নিয়ে হাত-পা- মুখ বেঁধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বি (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

ধর্ষণের শিকার ওই কিশোরী বলে, আমি বাসা বাড়িতে কাজ করি। সকাল দশটায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক যুবক আমাকে কাজ দেওয়ার কথা বলে একটি বাসায় নিয়ে যায়। আমাকে জানায় সে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরি করে। পরে আমার হাত-পা বেঁধে ধর্ষণ করে।

জানা গেছে, অজ্ঞান অবস্থায় ওই কিশোরীকে মিরপুর পূরবী এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে পাঠায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় পর্যন্ত সেখানে পুলিশ না যাওয়ায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর ও তার সহযোগী ফজলে রাব্বিকে আটক করেছি। তাদের দুজনের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

Exit mobile version