ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের চরম হেনস্থা, মারধর ও আটকে রাখার মত ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকার সোচ্চার হয়েছে। অনেককে বাংলাদেশি সন্দেহে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের চাপে কয়েক জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।
এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আবেদন করেছেন। সেই আবেদনে সাড়া দিয়ে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই ফিরে এসেছেন। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক অনুদানের ঘোষণা করেছেন।
সোমবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তারা ফিরে ‘শ্রমশ্রী’তে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। একবছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
সেইসঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। তিনি বলেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য এই প্রকল্প। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে। তাদের সন্তানদের স্কুলে ভর্তি করানোরও ব্যবস্থা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মমতা জানিয়েছেন, ভিনরাজ্যে অত্যাচারিত হয়ে ২ হাজার ৭০০ পরিবার সম্প্রতি ফিরে এসেছেন। তিনি আরও জানান, ১০ হাজারের বেশি লোককে রাজ্য সরকার ফিরিয়ে এনেছে। অনেকে নিজেরা ফিরে আসছেন। শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে তাদের নিবন্ধন করা হবে। তাদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে।
