ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ৯ বাংলাদেশিকে আটক করেছে রাজ্যের পুলিশ। বর্তমানের তাদের রাজ্যের মালদা জেলার ইংরেজবাজারে একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রোববার (২৪ মে) মালদহের গাজলের পান্ডুয়া থেকে এই ৯ বাংলাদেশিকে আটক করে গাজল থানার পুলিশ। নয় জনের মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক নারী বাকী ৬ জন নাবালক ও নাবালিকা।
এর আগে অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের রাখার জন্য ‘হোল্ডিং সেন্টার’ বানাতে হবে- এমন ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য জেলায় জেলায় নির্দেশিকা জারি করে দেয় রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। সে অনুযায়ী পশ্চিমবঙ্গের মালদহের ইংরেজবাজারের বাগবাড়িতে সরকারি ভবনে হোল্ডিং সেন্টার চালু করে রাজ্য প্রশাসন।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আটককারীদের জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের রংপুর ডিভিশনের মিঠাপুকুর থানা এলাকার একটি গ্রামে। তারা সকলেই দীর্ঘদিন ধরে পান্ডুয়াতে ছিলেন। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা সেখানে প্রবেশ করেন।
জানা গেছে, আপাতত আটক বাংলাদেশিদের বাগবাড়ি এলাকায় স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র হিসেবে তৈরি ভবনে রাখা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। পরবর্তী সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও এনিয়ে প্রশাসনের কেউই কোনো মন্তব্য করতে চাননি।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
