পশ্চিমবঙ্গের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে এই কার্যক্রমের ভিডিও ধারণ করে সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নিয়ে জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাইতে হবে। এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব স্কুলে প্রার্থনা সংগীত হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হবে এবং তা বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।
শিক্ষা দপ্তরের ১৩ মে জারি করা নির্দেশনায় আরও বলা হয়, স্কুল প্রধানদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থী সমাবেশে অংশ নেয়। পাশাপাশি বাস্তবায়নের প্রমাণ হিসেবে সমাবেশের ভিডিও রেকর্ড সংরক্ষণ করতে বলা হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো। পরে রাজ্য সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও সমাবেশে অন্তর্ভুক্ত করে।
নতুন এ নির্দেশনা ঘিরে শিক্ষক মহলে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ও জাতীয় গান—উভয়ই কীভাবে প্রতিদিন সমাবেশে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
কলকাতার হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুবরোজ্যোতি দত্ত জানিয়েছেন, ছুটির পর স্কুল খুললে শিক্ষার্থীরা ‘বন্দে মাতরম’ ও জন গণ মন’ দুই গানই সমাবেশে গাইবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আগে থেকেই ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানানো হয়েছে এবং তারা গানটি শিখে নিয়েছে।
অন্যদিকে, শিক্ষক সংগঠনের এক বামপন্থী প্রতিনিধি জানিয়েছেন, দৈনিক সমাবেশে একাধিক গান অন্তর্ভুক্ত করার সময়সূচি ও পদ্ধতি নিয়ে আরও স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। বিষয়টি নিয়ে ভবিষ্যতে বিতর্ক তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
