পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা জবর দখল করে টংঘর নির্মানের অভিযোগ ওঠেছে রাজাখালী ইউনিয়ন জামায়াতের নেতা এরশাদ আলীর বিরুদ্ধে। তিনি একই ইউনিয়নের দশের ঘোনা এলাকার সিরাজ আহমদের পুত্র।
এদিকে ওই নেতা জায়গাটি জবর দখল করতে গিয়ে স্থানীয় সরওয়ার কামালের চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছেন।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সরওয়ার কামাল জানান, জামায়াত নেতা এরশাদ আলী প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মালিকনাধীন দশের ঘোনা রাস্তার পার্শ্বের জায়গাটি ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক দখল করে টংঘর তৈরি করেন। যে জায়গা দিয়ে আমাদের চলাচল করতে হয়। এছাড়াও এ জায়গার মালিকনা নিয়ে নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে খাল দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টা করেছিল। তারপরও জনগণের চলাচলের সুবিধার্থে ওই জবর দখলকারীর বিরুদ্ধে আমরা আবারো আইনের আশ্রয় নিব।
এ বিষয়ে জানতে এরশাদ আলী মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।