parbattanews

পাকিস্তানে বিস্ফোরণে ভবন ধস, নিহত ১৬

পাকিস্তানের এর বন্দরনগরী করাচিতে একটি বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে করাচির সোলজারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান বার্তা সংস্থা এএফপিকে জানান, সেহরির প্রস্তুতির সময় তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো ভবনটি ধসে পড়ে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। তিনি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এর আগে গত জুলাই মাসে করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচতলা একটি ভবন ধসে পড়ে। ওই ঘটনায় ২৭ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

Exit mobile version