পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস (মূল) গ্রুপের ২ সশস্ত্র সদস্য রিদয় চাকমা ও রিয়েল চাকমা অস্ত্র ও গোলাবারুদসহ খাগড়াছড়ির পানছড়ির ট্রিগহাইট বিজিবি ক্যাম্পে এসে আত্মসমর্পণ করেছে।
সূত্র জানায়, ১৯ মে দুপুরে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ ট্রিগহাইট বিওপিতে এসে জেএসএস’র এই ২ সশস্ত্র সদস্য অস্ত্রসহ হাত উঁচু করে আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারী সদস্যরা হলেন, রাঙামাটির সাজেকের ইন্দ্র কুমার চাকমার ছেলে রিদয় চাকমা (১৯) এবং খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আলিচান পাড়ার রুপায়ন চাকমার ছেলে রিয়েল চাকমা (২১)।
তাদের জমা দেয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে- ১টি শটগান, ১টি M4A1 রাইফেল, ৬৪ রাউন্ড শটগানের গুলি, ১৮৮ রাউন্ড বল এ্যামো , ২ সেট ইউনিফর্ম, ৩টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল।
