parbattanews

পানছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অসহায় ও দুস্থ তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১ জুলাই) সকাল নয়টা থেকে উপজেলার নবীন চান পাড়া এলাকায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবার আয়োজন করে খাগড়াছড়ি সদর সেনা জোন। এদিন এলাকার প্রায় তিন শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।

খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবুল হাসনাত উপস্থিত থেকে চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগীদের খোঁজখবর নেন।

এসময় তিনি জানান, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

উপকারভোগী বয়োবৃদ্ধ ছিজিবি চাকমা, ভাগ্যমনি চাকমা, সিনুতি চাকমাসহ অনেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিন খাগড়াছড়ি রিজিয়ন ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিস্ট ড. মেজর সিয়াম জুলফিকার, ৩০ বীর খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন তাসনিয়া শফিক ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিদর্ষী চাকমা চিকিৎসা সেবা প্রদান করেন।

Exit mobile version