শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও বই বিতরণ করা হয়েছে। সোমবার বেলা এক’টায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে এই বই বিতরণ করা হয়।
জানা যায়, পানছড়ি ডিগ্রী কলেজের এইএসসি প্রথম বর্ষের ২৩ জন ছাত্র-ছাত্রীর মাঝে এই বই প্রদান করা হয়। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম পানছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাচাং অমর বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাচাং বরুণ কুমার ত্রিপুরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বই ও কৃতি শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান করেন পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা সমবায় অফিসার রত্নকান্তি রোয়াজা, রিপন ত্রিপুরা, অমর সিংহ ত্রিপুরা, মনিন্দ্র ত্রিপুরা, খগেন ত্রিপুরা প্রমুখ।
প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম পানছড়ি ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক সন্তোষ বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেন সাবেক থানা শাখার সদস্য প্রিতীময় ত্রিপুরা।