রাঙামাটি সংবাদদাতা:
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও পার্বত্যাঞ্চলের অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস নির্মূলে সংসদে কার্যকর ভুমিকা রাখার চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও রাঙামাটি জেলা মহিলা লীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু। মঙ্গলবার রাঙামাটিতে এক নাগরিক সংবর্ধনায় যোগদানের আগে সাংবাকিদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিনু বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রথমেই পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছি। আগামীতে আমি অচিরেই যেন পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যকর ব্যবস্থ্যা গ্রহণ করা হয় সে ব্যাপারে জাতীয় সংসদে যথাযথ ভুমিকা রাখবো। এ সময় তিনি পাহাড়ের মানুষের সুখ দু:খের কথা সংসদে তুলে ধরার আশা ব্যক্ত করেন।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হওয়ার পর ফিরোজা বেগম চিনু মঙ্গলবার নিজ এলাকা রাঙামাটি আসেন। তিনি রাঙামাটি এসে প্রথমে দরীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণ করেন। এর আগে চিনুকে মোটর সাইকেল বহর দিয়ে রাঙামাটি নিয়ে আসেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে রাঙামাটি পৌরসভা মিলনায়তনে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগদান করেন ফিরোজা বেগম চিনু এমপি।
