স্টাফ রিপোর্টার :
পার্বত্য চট্টগ্রামে বিদেশী নাগরিকদের ভ্রমণে অনুমতি নেয়ার বিধান জারি করা বৈষম্যমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। শুক্রবার বিকালে সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে সংহতি সমিতির পক্ষ থেকে বলা হয়, কোন দেশী-বিদেশী ব্যক্তি বা সংস্থা পাহাড়িদের সাথে সাক্ষাৎ করার সময় স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী/বিজিবি’র উপস্থিতি নিশ্চিত করার বিষয় সম্পূর্ণ বর্ণবাদী ও সাম্প্রদায়িক নীতিরই বহি:প্রকাশ। সরকার পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করেছে যা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে অভিযোগ করে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে পুলিশ (স্থানীয়) এবং আইন-শৃঙ্খলা বিষয়টি আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরের বিধান করা হয়েছে। কিন্তু উল্টো উপজাতীয় সাবেক শান্তিবাহিনী (বর্তমান জেএসএস নামে পরিচিত) পুলিশ সদস্যদের অন্যত্র বদলিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- যা সরাসরি পার্বত্য চট্টগ্রাম চুক্তির লঙ্ঘন। তাছাড়া আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের নিকট আইন-শৃঙ্খলা বিষয়টি হস্তান্তর করা হয়নি। এখনো পার্বত্যাঞ্চলে বিশেষ শাসনব্যবস্থার পরিপন্থী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী সিদ্ধান্তাবলী প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
