নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি :
খাগড়াছড়ি’র মহালছড়িতে পাহাড়ে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
মানববন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেনন চাকমা’র সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিদর্শন খীসা, মহালছড়ি উপজেলা শাখার সাবেক পিসিপি সভাপতি তনয় চাকমা ও পাহাড়ি ছাত্রপরিষদ উপজেলা শাখা সভাপতি তপন চাকমা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিপুল সংখ্যক সেনা মোতায়েন থাকা সত্ত্বেও সরকার এই বাহিনীকে পার্বত্য চট্টগ্রামে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে এই বাহিনীকে মোতায়েন করা হলে সমতলের ন্যায় এখানেও খুন-গুম-ক্রসফায়ার ও নিপীড়ন-নির্যাতনের মাত্রা আরো বহুগুণে বৃদ্ধি পাবে। তাই র্যাব মোতায়েনের সরকারী সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ন্যায্য আন্দোলনকে বলপূর্বক দমনের লক্ষে সরকার এখানে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত পাহাড়ি জনগণ কিছুতেই মেনে নেবে না। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সরকারি সিদ্ধান্ত বাতিল, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত র্যাব সদস্য ও কর্মকর্তার বিচার, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে খুন-গুম,ক্রস ফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা ও নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।
